শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বর: অকালপ্রয়াত জনপ্রিয় জননেতা কৃষ্ণ চন্দ্র পালের প্রয়াণ দিবসে আজ স্মৃতিচারণে আবেগে ভেসে উঠলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ঠিক ছয় বছর আগে এই দিনেই সকলকে শোকের সাগরে ভাসিয়ে চলে যান স্বর্গীয় কৃষ্ণ চন্দ্র পাল।
তিনি ছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের পুরপিতা, সূর্যসেন মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং সর্বোপরি মানুষের প্রিয় নেতা। তাঁর প্রয়াণ দিবসে আজ মধুসূদন বিদ্যাপীঠের পাশে তাঁর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সমবেত হন বহু মানুষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পাপিয়া ঘোষ, প্রতুল চক্রবর্তী, লক্ষ্মী পাল সহ অন্যান্যরা। তাঁরা সকলে প্রথমে মূর্তিতে মাল্য অর্পণ করেন এবং পরে সাধারণ মানুষের মধ্যে খিচুড়ি পরিবেশন করেন।
স্মৃতিচারণে মেয়র গৌতম দেব আবেগপ্রবণ হয়ে বলেন, কৃষ্ণ চন্দ্র পাল শুধু একজন নেতা নন, তিনি ছিলেন মানুষের প্রকৃত বন্ধু ও সহযোদ্ধা। তাঁর কর্মপদ্ধতি, মানুষের পাশে থাকার মানসিকতা আজও সকলের অনুপ্রেরণা হয়ে রয়েছে।