শিলিগুড়ি,২৩ ডিসেম্বর: চিকিৎসার নাম করে এক মহিলার সঙ্গে শারীরিক নিগ্রহের ঘটনায় গ্রেফতার এক। ধৃত সেই অভিযুক্তের নাম নজরুল ইসলাম
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির প্রধান নগরের এক মহিলা প্রায় আট মাস আগে চিকিৎসার জন্য ওই ব্যক্তির কাছে যান। সেই সময়েই অভিযুক্ত চিকিৎসার সুযোগ নিয়ে মহিলার শীলতাহানি ও ধর্ষণ করেন বলে অভিযোগ। দীর্ঘদিন পর সাহস সঞ্চয় করে সোমবার নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তের সঙ্গে একাধিক মহিলার শারীরিক সম্পর্ক ছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযুক্তের ভালোবাসা মোড় এলাকায় একটি চেম্বার ছিল বলে জানা গিয়েছে।
সোমবার সকালে অভিযোগ দায়েরের পর বিকালেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।