শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ীর সুযোগে ফের শিলিগুড়ির উত্তর একটিয়াশাল খাই খাই বাজার এলাকায় চুরির ঘটনা সামনে এলো।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে প্রদীপ পারিক তাঁর মা-কে নিয়ে চিকিৎসার জন্য রাজস্থানে গিয়েছেন। সেই সময় বাড়ির দেখভালের দায়িত্বে ছিলেন তাঁদের আত্মীয় নরেন্দ্র পারিক। নিয়ম মেনে প্রতিদিন দু’বার করে তিনি বাড়ি গিয়ে দেখভাল করছিলেন।
রবিবার রাতে বাড়িতে গিয়ে তিনি দেখেন, ঘরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে এবং সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে। এরপরই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। খবর দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু নগদ টাকা, পূজোর সামগ্রী এবং সামান্য সোনার অলংকার চুরি গেছে। ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।