শিলিগুড়ির এনজিপি থানার অন্তর্গত ৩৪ নম্বর ওয়ার্ডের শহীদ কলোনিতে ভর সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা। এক যুবককে বোতল দিয়ে পেটে আঘাত করার অভিযোগ উঠল আরেক যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হন বিদ্যুৎ দে নামে এক যুবক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বিদ্যুৎ দে-র সঙ্গে শংকর মুখিয়ার বচসা বাধে। অভিযোগ, সেই বচসা চরমে পৌঁছালে তিলশংকর মুখিয়া হঠাৎই একটি বোতল দিয়ে বিদ্যুৎ দে-র পেটে আঘাত করে। শুধু তাই নয়, শরীরের বিভিন্ন অংশেও আঘাত করা হয় বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বিদ্যুৎ দে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা চলছে।
এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত তিলশংকর মুখিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।