শিলিগুড়ি, ৫ অক্টোবর: দশাইন উৎসবে মামার বাড়িতে গিয়ে ধ্বসের কবলে পড়ে মৃত্যু হল শিলিগুড়ির একই পরিবারের চার সদস্যের। মৃতদের মধ্যে রয়েছে এক আট বছরের শিশু কন্যা। মৃত শিশুটির নাম আয়ুশী ছেত্রী, বাড়ি ডাবগ্রাম এক নম্বর অঞ্চলের খোলাচাঁদ ফাঁপড়িতে। বাকি তিনজনের বাড়ি শালবাড়ি এলাকায় বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই এলাকাতেই।
সূত্রের খবর, শনিবার (৪ অক্টোবর) দশাই উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে মামার বাড়ি মিরিকে গিয়েছিল আয়ুশী। রাতের দিকে প্রবল বৃষ্টির ফলে হঠাৎ ধস নামে এলাকায়। সেই সময় আয়ুশীসহ পরিবারের চারজন সদস্য ঘরের ভিতরে ঘুমিয়ে ছিলেন। ধসে ঘরটি ভেঙে পড়ে চাপা পড়ে যায় সকলে। তড়িঘড়ি উদ্ধার অভিযানে নেমে স্থানীয়রা টেনে বের করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের, যার মধ্যে ছোট্ট আয়ুশীও রয়েছে। প্রাণে বেঁচে যায় পরিবারের আরেকটি ছোট্ট শিশু।
পরবর্তীতে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের পর রবিবার বাড়িতে নিয়ে আসা হয়। আয়ুশীর দেহ খোলাচাঁদ ফাঁপড়িতে এবং বাকি তিন সদস্যের দেহ শালবাড়িতে পৌঁছে দেওয়া হয়।
খবর পেয়ে রবিবার শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য নেতৃত্বরা।
মেয়র গৌতম দেব বলেন, “খুবই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। তিনি উত্তরবঙ্গ সফরে আসছেন এবং নিজে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। রাজ্য সরকার মৃতদের পরিবারের পাশে রয়েছে বলে জানান তিনি।”