শিলিগুড়ি শহরে সাম্প্রতিক চুরির ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। তিনি জানান, যে জায়গায় চুরির ঘটনাটি ঘটেছে, সেটি যাদব সমিতি বিল্ডিং-এর অন্তর্গত একটি অংশ। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
পরিদর্শনের সময় মেয়র গৌতম দেব বলেন, “এই চুরির ঘটনাটি পরিকল্পিতভাবে আগেই ছক কষে করা হয়েছে বলে আমার মনে হচ্ছে। যেভাবে বিল্ডিং-এর পাশের জঙ্গলঘেঁষা এলাকা দিয়ে কেটে চুরি করা হয়েছে, তাতে বোঝা যায় এটি হঠাৎ করে ঘটানো কোনও ঘটনা নয়।”
তিনি আরও জানান, এই বিষয়ে কমিটির সঙ্গেও তিনি আলোচনা করবেন। পাশাপাশি পুলিশ কমিশনারের সাথেও ইতিমধ্যেই কথা হয়েছে এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। মেয়রের আশ্বাস, দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির প্রসঙ্গে মেয়র বলেন, “যে জায়গা দিয়ে চুরি হয়েছে সেটি কর্পোরেশনের সরাসরি আওতাধীন এলাকা না হলেও, নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে আমি কমিটির সঙ্গে কথা বলে সেখানে লাইট বসানোর ব্যবস্থা করার চেষ্টা করব।”
চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হলেও, মেয়রের পরিদর্শন ও আশ্বাসে স্বস্তির বার্তা পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।