শিলিগুড়ি,৪ ফেব্রুয়ারি : শিলিগুড়ির আশিঘর ফাঁড়ি অন্তর্গত পাপিয়া পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। প্রায় ২৬৮ গ্রাম ব্রাউন সুগার ও নগদ প্রায় ১২ হাজার টাকা সহ এক মা ও মেয়েকে গ্রেফতার করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম শুক্লা দাস ও অঞ্জু দাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ধৃতরা ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তাদের বাড়িতে অভিযান চালায় আশিঘর ফাঁড়ি ও ভক্তিনগর থানার পুলিশ। বাড়ির আলমারি থেকে একটি কালো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও নগদ টাকা উদ্ধার হয়।
এরপর গোটা বাড়ি তল্লাশি চালিয়ে একাধিক দেশি মদের বোতল ও বিভিন্ন নেশার সামগ্রীও উদ্ধার করে পুলিশ। সমস্ত মাদক ও নেশার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।
পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত মা ও মেয়েকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, মাদকচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।