শিলিগুড়ি,২ জানুয়ারী: আগামী ১৬ জানুয়ারী শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্ভাবনাকে সামনে রেখে ইতিমধ্যেই শহরের মাটিগাড়া এলাকায় শুরু হয়েছে জোর প্রস্তুতি।
শুক্রবার প্রস্তাবিত স্থান পরিদর্শনে এসে এই তথ্য জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরের একাধিক আধিকারিক। তাঁরা মন্দির নির্মাণের জন্য নির্ধারিত এলাকা ঘুরে দেখেন এবং প্রস্তুতির অগ্রগতি খতিয়ে নেন।
জানা গিয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন আগেই নির্ধারিত জমিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। বেশ কয়েকটি আর্থমুভারের সাহায্যে জমি সমতল করা ও আবর্জনা সরানোর কাজ চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের পরিকাঠামোগত প্রস্তুতি নেওয়া হচ্ছে।