শিলিগুড়ি, ২১ ডিসেম্বর: দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত দিপা রায় বর্মণকে ঘিরে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজসেবী শুভ দাস। পেশায় গাড়ি চালক তাঁর স্বামী চিকিৎসার জন্য জীবনের সঞ্চিত অর্থ প্রায় শেষ করে ফেলেছেন বলে জানা গিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, এলাকার কয়েকজন যুবকের উদ্যোগে দিপা রায় বর্মণকে মুম্বাইয়ে চিকিৎসার জন্য পাঠানো হলেও সেখানে উপযুক্ত চিকিৎসা না হওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েন। এই অবস্থার কথা জানতে পেরে সমাজসেবী শুভ দাস এগিয়ে আসেন।
রবিবার তাঁর সংস্থা ‘ইউথ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ভক্তিনগর এলাকায় ওই পরিবারের ভাড়া বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। পাশাপাশি শুভ দাস আশ্বাস দেন, আক্রান্ত মহিলাকে দিল্লির এইমসে পাঠানো হবে এবং তাঁর যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসার সমস্ত খরচ তাঁদের সংস্থাই বহন করবে।
এই সহযোগিতায় খুশি ও আশাবাদী হয়ে উঠেছে দিপা রায় বর্মণের পরিবার।