শিলিগুড়ি শহরের একাধিক হোটেলে শুক্রবার সকাল থেকে ঝুলল পোস্টার— বাংলাদেশিদের প্রবেশ নিষেধ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে অস্থির পরিস্থিতির পর থেকেই এপ্রান্তে বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদের ছবি সামনে আসে। সেই সময়, গত বছরের নভেম্বর মাসে শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো তাদের আওতাধীন হোটেলগুলিতে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেয়। যদিও মানবিক দিক বিবেচনা করে পরবর্তীতে সেই সিদ্ধান্ত আংশিকভাবে প্রত্যাহার করা হয়। চিকিৎসা ও শিক্ষার প্রয়োজনে বহু বাংলাদেশি নাগরিক ভারতে আসেন এবং সেই কারণেই তাঁদের হোটেল পরিষেবা দেওয়া হচ্ছিল।
তবে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ফের কড়া অবস্থান নিল হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার সকাল থেকে শহরের একাধিক হোটেলে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে পোস্টার টাঙানো হয়। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে কোচবিহার থেকে মালদা পর্যন্ত বিভিন্ন হোটেল সংগঠন।
শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান,
“একদিকে ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। অন্যদিকে আমরাও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছি। আমাদের আওতাধীন প্রায় ১৮০টি হোটেলেই এই নিয়ম কার্যকর থাকবে। আগে চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হলেও এবার তা পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে।”