শিলিগুড়ি তেনজিং নরগে বাস টার্মিনাস সংলগ্ন এলাকা থেকে কাফ সিরাপসহ কুখ্যাত রানা ঠাকুর গ্রেফতার
শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বর: শিলিগুড়ি তেনজিং নরগে বাস টার্মিনাস সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ কাফ সিরাপসহ গ্রেফতার করা হলো কুখ্যাত মাদক কারবারি রাজা কামতি ওরফে রানা ঠাকুরকে। শুক্রবার গভীর রাতে প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইংয়ের অভিযানে এই সাফল্য আসে।
প্রধান নগর থানার সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ গোপন সূত্রে খবর মেলে—শিলিগুড়ি জংশন এলাকায় এক সন্দেহভাজন যুবক ব্যাকপ্যাক নিয়ে ঘোরাঘুরি করছে। খবর পাওয়া মাত্রই থানার আইসি বাসুদেব সরকারের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালায়। টিমটি বাস টার্মিনাসের পিছনের গেটের সামনে অভিযুক্ত রানা ঠাকুরকে পাকড়াও করে।
অভিযুক্তের ব্যাগ তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে বিপুল পরিমাণ কাফ সিরাপ, যা বিক্রির উদ্দেশ্যে শহরের বিভিন্ন প্রান্তে সরবরাহ করার পরিকল্পনা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা ঠাকুর স্বীকার করেছে যে, মাদক বিক্রির উদ্দেশ্যে সে ঐ এলাকায় অপেক্ষা করছিল।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রাজা কামতি ওরফে রানা ঠাকুর একজন চিহ্নিত অপরাধী, মাদক কারবারে দীর্ঘদিন ধরে যুক্ত এবং একাধিকবার জেলও খেটেছে। ধৃত কাফ সিরাপ কোথা থেকে সংগ্রহ করেছে এবং কাদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তা জানতে তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ।
অভিযুক্তকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।