শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার কদমতলায় আত্মঘাতী হল এক নবম শ্রেণীর ছাত্রী। মৃত ছাত্রীর নাম শারলা থোকচম (১৫), কদমতলা বিএসএফ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। জানা গিয়েছে, তাঁর মা বিএসএফে কর্মরত। শুক্রবার রাতে কদমতলা বিএসএফ ক্যাম্পের সামনে একটি আটতলা বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। ছাদেই একটি সুইসাইড নোট লিখে রেখে যায় সে। জানাগেছে, নোটে লেখা ছিল— “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি পড়াশোনায় ভালো নই।” নোটটি একটি ঘড়ি দিয়ে চাপা দিয়ে রেখে ঝাঁপ দেয় সে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার মেডিকেল কলেজ আউটপোস্টের পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানাগেছে, ওই ছাত্রীর সাম্প্রতিক পরীক্ষার ফল খারাপ হয়েছিল। প্রাথমিক অনুমান, সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। ঘটনার সিসিটিভি ফুটেজও ইতিমধ্যে সংগ্রহ করেছে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।