শিলিগুড়ি, ১৪ জানুয়ারী : শিলিগুড়ির সাউথ কলোনি এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ভারত মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অভিযুক্ত মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারত মণ্ডল প্রায় এক কেজিরও বেশি ব্রাউন সুগার শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। গোপন সূত্রে এই তথ্য পেয়ে স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশের যৌথ দল সাউথ কলোনি এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় অভিযুক্তকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়।
উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ্য টাকা । ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। এই মাদকচক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।