শিলিগুড়ি,২৩ নভেম্বর : রবিবার দুপুরে এক সোনার দোকান থেকে দিনের আলোয় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। স্বর্ণ ব্যবসায়ী সুজয় পালের দোকান লক্ষ্য করে দুই দুষ্কৃতী বাইকে এসে মুহূর্তে অলংকারভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। যার বাজার মূল্যে আনুমানিক প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা ।
জানা গিয়েছে, প্রতিদিনের মতোই রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ দোকান খুলতে আসেন সুজয় পাল। দোকান বন্ধের সময় তিনি সমস্ত সোনা ও রুপোর অলংকার বাড়িতে নিয়ে যান এবং পরদিন নিয়ে আসেন। এদিনও অলংকারভর্তি ব্যাগ দোকানে রেখে তিনি বাইরে পরিষ্কারের কাজ করছিলেন। ঠিক সেই সময় একটি বাইকে করে দু’জন দুষ্কৃতী দোকানের ভিতর ঢুকে দ্রুত ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
এরপর ব্যবসায়ী চিৎকার শুনে স্থানীয়রা তাড়া করলেও দুষ্কৃতীরা বাইকে চেপে এলাকা থেকে উধাও হয়ে যায়। একটি গাড়ি ধাওয়া করলেও তাদের ধরা যায়নি। ঘটনার পরেই খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
দোকানের মালিক সুজয় পাল জানান,
“সিসিটিভি ফুটেজ বের করতে গিয়ে দেখি স্টোরেজ ফুল। তাই কিছুই রেকর্ড হয়নি। এর আগেও দোকানের টিন কেটে দুইবার চুরির ঘটনা ঘটেছিল। আজ এমন ঘটনা হবে ভাবতেই পারিনি।”
ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে চারদিক থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।