শিলিগুড়ি,২১ ডিসেম্বর: বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নগদ টাকা ও রুপোর সামগ্রী লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে পাকুরতলা মোড় এলাকার একটি বাড়িতে তীব্র চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, শুক্রবার রাতে কালীপুজো উপলক্ষে পরিবারের সকলেই মাদারিহাটে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। শনিবার সকালে মোবাইলে সিসিটিভির ফুটেজ দেখতে গিয়েই সন্দেহ হয়। ফুটেজে দেখা যায়, বাড়ির গেটের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি বাড়ি ফিরে এসে দরজা খুলতেই চোখে পড়ে ঘর সম্পূর্ণ তছনছ অবস্থায় রয়েছে। আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং সেখান থেকে নগদ টাকা ও রুপোর সামগ্রী উধাও।
ঘটনার খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। উল্লেখযোগ্য বিষয় হল, প্রায় এক বছর আগেও ওই একই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং দুষ্কৃতীদের সন্ধানে তদন্ত চালাচ্ছে। এলাকাবাসীর মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।