একদিকে পুরনিগমের বাজেট অন্যদিকে বিজেপি যুব মোর্চার বিক্ষোভে উত্তাল পুরনিগম চত্বর।
রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্বের প্রতিবাদ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে রাস্তায় নামল ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম)। সোমবার শিলিগুড়ি শহরের প্রধান সড়কে সংগঠনের শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
মিছিলে হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে অংশ নেন বহু যুব কর্মী-সমর্থক। “কর্মসংস্থানের সংকটে চাকরিহীন পশ্চিমবঙ্গ… চাকরির দাবিতে কর্পোরেশন চল— চাকরি চায় বাংলা, ভাতা নয় চাকরি চাই।” আন্দোলনকারীদের দাবি, রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও দুর্নীতির জেরে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে স্বচ্ছ ও দ্রুত নিয়োগের দাবি জানান তাঁরা।
এই বিষয়ে বিধায়ক শংকর ঘোষ এবং সাংসদ রাজু বিস্ত জানান, দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন, কিন্তু রাজ্য সরকার কার্যকর কোনও পদক্ষেপ নিচ্ছে না। তাঁদের বক্তব্য, “ভাতা দিয়ে সমস্যার সমাধান হবে না, স্থায়ী কর্মসংস্থানই একমাত্র সমাধান।”
মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে কিছু সময়ের জন্য যান চলাচলেও প্রভাব পড়ে।
বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।