শিলিগুড়ি,২৬ ডিসেম্বর: ঠাকুরনগরের সাড়ে চার বিঘা জমি বিক্রি সংক্রান্ত প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম কালিপদ রায়।
অভিযোগকারী বাবলু সাহা জানান, প্রায় এক বছর আগে তিনি কালিপদ রায়ের কাছ থেকে সাড়ে চার বিঘা জমি কেনেন এবং সম্পূর্ণ টাকা পরিশোধ করেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও অভিযুক্ত জমির রেজিস্ট্রি করে দিচ্ছিলেন না। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনও সমাধান না হওয়ায় প্রায় দু’মাস আগে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘদিন অভিযুক্তের খোঁজ চালানোর পর অবশেষে গতকাল ঠাকুরনগরের বাড়ি থেকে কালিপদ রায়কে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।