শিলিগুড়ি,২২ ডিসেম্বর: দার্জিলিংয়ে যাতায়াতের সময় বারংবার হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলে সরব হলেন সমতলের গাড়িচালকেরা। তাঁদের অভিযোগ, পাহাড়ে যাত্রী নামানো বা তোলার সময় বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে, এমনকি শারীরিক ও মানসিক হেনস্থার ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে এসডিও-কে লিখিতভাবে চিঠি দিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন সমতলের গাড়িচালকেরা।
চিঠিতে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পাহাড়ের গাড়ি সমতলে নামলে তাদের পরে আর পিকআপ করতে দেওয়া হবে না। সে ক্ষেত্রে শুধুমাত্র যাত্রী নামিয়ে খালি গাড়ি নিয়েই যেতে হবে তাদের। পাশাপাশি তাঁরা স্পষ্ট করে জানিয়েছেন, এরপরও যদি পাহাড়ে গিয়ে কোনো সমতলের গাড়ি চালক হেনস্থার শিকার হন, তাহলে সম্পূর্ণভাবে পিকআপ ও ড্রপ—দুটো পরিষেবাই বন্ধ করে দেওয়া হবে।
এদিন গাড়িচালকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসনের নজরে আনতেই আজ বিভিন্ন প্রশাসনিক স্তরে ডেপুটেশন দেওয়া হবে। তাঁদের দাবি, পাহাড় ও সমতলের গাড়িচালকদের মধ্যে সমন্বয় বজায় রেখে নিরাপদে যাত্রী পরিষেবা চালু রাখার জন্য প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন গাড়িচালকেরা।