শিলিগুড়ি,১২ ফেব্রুয়ারী: শিলিগুড়ি পৌরনিগমের প্ল্যাটিনাম জুবিলি ভবনের অধিবেশন কক্ষে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সফরে এলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এই সফর ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। অধিবেশন কক্ষে উপস্থিত হয়ে তিনি প্রথমে পৌরনিগমের পরিকাঠামো ও ভবনের নকশা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এত সুন্দরভাবে ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশংসা করেন।
সফরকালে তিনি সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ও তাঁদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। এলাকার উন্নয়নমূলক কাজ, নাগরিক পরিষেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। কাউন্সিলরদের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দেন, তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছতে হবে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখেই এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। আলোচনায় ফিরহাদ হাকিম নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন এবং মুখ্যমন্ত্রীকে পুনরায় জয়ী করার লক্ষ্যে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে সংগঠনকে আরও মজবুত করা জরুরি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, আগামী দিনে শিলিগুড়ি পৌরনিগমকে ঘিরে আরও কিছু বড় পরিকল্পনা রয়েছে। পৌরনিগমের পরিসর ও পরিষেবা সম্প্রসারণ নিয়েও ভাবনাচিন্তা চলছে। তাঁর এই সফর ও বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।