শিলিগুড়ি, ৫ অক্টোবর: টানা বৃষ্টির জেরে ফের বিপর্যয় নেমে এলো পাহাড়ে। গতরাতে দার্জিলিং সংলগ্ন একাধিক স্থানে ধস নেমেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুধীয়া এলাকার ব্রিজ। প্রবল জলের চাপে ব্রিজের একাংশ ভেঙে পড়ে, ফলে শিলিগুড়ি থেকে দার্জিলিংমুখী যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের উপরের দিক থেকে বিশাল পাথর ও কাদামাটির স্তর নেমে এসে রাস্তায় পড়ে যায়, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে দুধীয়া ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া নদীর জল ফুলে ওঠায় ব্রিজের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। আপাতত বিকল্প পথে গাড়ি চালানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। পাহাড়ি এলাকায় আরও ধস নামার আশঙ্কায় জারি হয়েছে সতর্কতা। ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।