ভোর থেকে শুরু হয়েছে আয়কর দপ্তরের বৃহৎ অভিযান। বিহারের কিশনগঞ্জের ব্যবসায়ী রাজকরণ দফতরীর একাধিক ঠিকানায় হানা দেয় আধিকারিকরা। নেমচাদ রোড, ভগত টোলি রোডের অফিস, মল, বিলাসবহুল হোটেল, চা বাগান ও কারখানা ঘিরে ফেলে চলছে ব্যাপক তল্লাশি।
একই সঙ্গে শিলিগুড়ির খালপাড়ার নেহেরু রোডের আবাসন ও গুদামেও চলছে অভিযান।
সূত্রে খবর, পাটনা থেকে প্রায় ৫০টি গাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা আসেন। অভিযানে রয়েছে আধা-সামরিক বাহিনীও। ব্যবসায়ীর সব প্রতিষ্ঠানকে ঘিরে ফেলে তল্লাশি চলছে।
শুধু কিশনগঞ্জ ও শিলিগুড়িই নয়,ফরবেশগঞ্জ, পূর্ণিয়া, গোলাপবাগ, এমনকি গুজরাটের সুরাটেও সমান্তরাল অভিযান চালানো হচ্ছে।
এছাড়াও রাজকরণ দফতরীর শতাধিক কর্মীর বাড়িতেও চলছে জিজ্ঞাসাবাদ। তবে ব্যবসায়ীর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এত বড় আকারের আয়কর দপ্তরের অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিহার ও উত্তরবঙ্গজুড়ে।