শিলিগুড়ি,৩ জানুয়ারী: শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর জঙ্গলের গভীরে অবস্থিত দিল্লিভিটা–চাঁদের খাল এলাকায় প্রতি বছরের মতো এবছরও যথাযথ ধর্মীয় আচার–অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল বনদুর্গা পূজা। সাধারণ মানুষের কাছে এলাকা তেমন পরিচিত না হলেও বনদুর্গা মন্দির হিসেবে এই স্থানের রয়েছে আলাদা ঐতিহ্য ও ধর্মীয় মাহাত্ম্য।
পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত এই বনদুর্গা পূজা এবছর ৪৫ বছরে পদার্পণ করল। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ২রা জানুয়ারি পৌষ পূর্ণিমার গভীর রাতে বিশেষ পূজা ও আরাধনার মধ্য দিয়ে বনদুর্গা পূজা সম্পন্ন হয়। পরদিন ৩রা জানুয়ারি সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে।
জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বহু পূণ্যার্থী বনদুর্গা মায়ের দর্শনে হাজির হন। ভক্তদের বিশ্বাস, গভীর জঙ্গলে অবস্থিত এই বনদুর্গা মন্দিরে নিষ্ঠাভরে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়।
এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে প্রসাদ বিতরণ শুরু হয়েছে। উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ৩টা পর্যন্ত প্রসাদ বিতরণ চলবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পূজা সম্পন্ন করতে উদ্যোক্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
প্রকৃতির কোলে, জঙ্গলের গভীরে অনুষ্ঠিত এই বনদুর্গা পূজা শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, বরং বহু বছরের প্রাচীন লোকাচার ও বিশ্বাসকে আজও বহন করে চলেছে।
অন্যদিকে নিরাপত্তার স্বার্থে পুলিশ ও বনকর্মীরা মোতায়ন ছিল।