শিলিগুড়ি,২২ জানুয়ারি: আশিঘর ফাঁড়ি সংলগ্ন চয়নপাড়া পাওয়ার হাউস এলাকায় এক মহিলাকে পথ আটকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় যুক্ত দুই নাবালককে উদ্ধার করল আশিঘর ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রীতা পণ্ডিত নামে ওই মহিলা গত ২০ তারিখ রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। আশিঘর ফাঁড়ি অন্তর্গত চয়নপাড়া পাওয়ার হাউসের পেছনের নির্জন পথ দিয়ে যাওয়ার সময় অন্ধকারের সুযোগ নিয়ে দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁর পথ আটকায়। এরপর তারা তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগে ছিল নগদ ৫০০ টাকা।
অভিযোগ, মহিলা বাধা দিতে গেলে দুষ্কৃতীদের মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতে আঘাত করে এবং ব্যাগটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। আহত ও অসহায় অবস্থায় ওই মহিলা আশিঘর আউটপোস্টে গিয়ে গোটা বিষয়টি পুলিশকে জানান।
অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে আশিঘর আউটপোস্টের এন্টি ক্রাইম উইং। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে ঘটনার সঙ্গে যুক্ত দুই নাবালককে উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত দুই নাবালকের বাড়ি শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় বলে জানা গিয়েছে।
পুলিশ অভিযুক্তদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ব্যাগ ও নগদ অর্থ উদ্ধার করেছে। বৃহস্পতিবার ধৃত দুই নাবালককে জলপাইগুড়ি জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।