শিলিগুড়ি,২৬ ডিসেম্বর: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন আশিঘর মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের, গুরুতর আহত আরও এক জন।
মৃতদের নাম পঙ্কজ সরকার ও শিবরাজ দাস। আহত যুবকের নাম রোহিত বর্মন। তিন জনেরই বাড়ি হায়দারপাড়া ও শিবরামপল্লি এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি স্কুটি করে তিন যুবক যাচ্ছিলেন। আশিঘর মোড় পার হওয়ার সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা পড়ে যান।
ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি লরির চাকায় পিষ্ট হন দু’জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় পঙ্কজ সরকার ও শিবরাজ দাসের।
গুরুতর আহত অবস্থায় রোহিত বর্মনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মৃত দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ি, ভক্তিনগর থানা এবং আশিঘর সাব-ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ে আশিঘর সাব-ট্রাফিক গার্ডের একটি আউটপোস্ট উদ্বোধন হয়। তার পরের দিনই সেখানে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় এক ছোট্ট স্কুল পড়ুয়া।
এরপর থেকে ট্রাফিক পুলিশ বিশেষ নজরদারি ও সচেতনতা অভিযান চালালেও দুর্ঘটনা কমেনি। এক মাসের মধ্যেই ফের বড়সড় দুর্ঘটনায় দুই প্রাণহানির ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে।
স্থানীয়দের অভিযোগ, ইস্টার্ন বাইপাস জুড়ে পর্যাপ্ত ট্রাফিক নজরদারি ও পথচারী নিরাপত্তার অভাব রয়েছে।
ফুটপাত দখল করে দোকানের সামগ্রী রাস্তায় রাখা, পাশাপাশি বেপরোয়া গাড়ি চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তাঁদের দাবি, শুধু সচেতনতা কর্মসূচি নয়—কঠোর ব্যবস্থা নিলেই দুর্ঘটনা কমানো সম্ভব।