শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারি: শহরের দেশবন্ধু পাড়া এলাকায় শনিবার কড়া অভিযানে নামে খাদ্য সুরক্ষা দপ্তর। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে চালানো এই অভিযানে একাধিক দোকানে জরিমানা ও নোটিশ জারি করা হয়।
খাদ্য সুরক্ষা দপ্তরের পাশাপাশি অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগম, দমকল ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও। বিভিন্ন খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানে পরিদর্শনের সময় একাধিক অনিয়ম ধরা পড়ে।
অভিযোগ, কয়েকটি দোকানে খাবারে কৃত্রিম রং মেশানোর প্রমাণ মিলেছে। শহরের এক নামী ক্যাফের রান্নাঘর থেকে উদ্ধার হয় পুরনো ও পচা খাদ্যসামগ্রী। এমনকি মাংসের মধ্যে পোকা কিলবিল করতে দেখা যায় বলেও জানা গেছে। রান্নাঘরের বাসনপত্রের অবস্থাও ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর।
এছাড়াও একটি পরিচিত মিষ্টির দোকানের কারখানায় গিয়েও একই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র সামনে আসে।
অভিযানকারী আধিকারিকরা জানিয়েছেন, শহরবাসীর স্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে। খাদ্য ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া বার্তাও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।