শিলিগুড়ি, ২৩ ডিসেম্বর: গণধর্ষণ মামলায় দুই যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল শিলিগুড়ি মহকুমার ফাস্ট ট্র্যাক কোর্ট। পাশাপাশি আদালত অভিযুক্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি ২০২৩ সালের। মাটিগাড়া থানার অন্তর্গত খাপরাইল এলাকার একটি নির্জন স্থানে প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে তারই দুই সহপাঠী গণধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর নির্যাতিতা মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে আলয় রায় ও বিশাল মহন্ত নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
প্রায় দুই বছর ধরে বিচারপ্রক্রিয়া চলার পর মঙ্গলবার আদালত এই মামলার রায় ঘোষণা করে। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবার ও আইনজীবীরা।