শিলিগুড়ি,২২ নভেম্বর : শিলিগুড়ি শহরে দেড় কেজি ব্রাউন সুগার ছড়িয়ে দেওয়ার বড়সড় চেষ্টা ভেস্তে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং-এর যৌথ অভিযানে নকশালবাড়ির বাসিন্দা দীনবন্ধু বর্মনকে গ্রেফতার করা হয়েছে। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় দেড় কেজি সন্দেহজনক ব্রাউন সুগার, যার বাজার মূল্য কোটি টাকারও বেশি।
শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে দার্জিলিং মোড় থেকে ভক্তিনগর থানা পর্যন্ত জাতীয় সড়কজুড়ে ফাঁদ পাতে পুলিশ। একটি দামি মোটরবাইক করে নকশালবাড়ি থেকে শিলিগুড়িতে মাদক সাপ্লাই করতে আসছিল দীনবন্ধু। ইন্দিরা গান্ধী ময়দানের কাছে পুলিশের জালে ধরা পড়ে যায় সে। দুটি প্যাকেট থেকে দেড় কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত এই বিপুল পরিমাণ মাদক শিলিগুড়িতে কারা কারা কিনত এবং কোথা থেকে সে মাদক সংগ্রহ করত—তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে এন্টি ক্রাইম উইং।
ধৃত দীনবন্ধু বর্মনকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। পাশাপাশি তার ব্যবহৃত মোটরবাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
সম্প্রতি কালের মধ্যে এটিই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্যতম বড় অভিযান বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।