শিলিগুড়ি, ১ সেপ্টেম্বর: রাজ্যের অন্যান্য জেলার মতোই শিলিগুড়িতেও আজ পুলিশ দিবস পালিত হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০২০ সাল থেকে প্রতি বছর ১লা সেপ্টেম্বর দিনটি পুলিশ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। গত ছয় বছর ধরে রাজ্যজুড়ে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
সোমবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে কমিশনারেটের মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি. সুধাকর, ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার, ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং ও কাজী সামসুদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন এ.সি.পি, এ.ডি.সি.পি-সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ট্রাফিক ও থানার আইসি-ওসিরা।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার সি. সুধাকরকে পুলিশ দিবস উপলক্ষে বিশেষ ব্যাজ পরানো হয় এবং তাকে ব্যান্ড স্যালুট জানান রিজার্ভ ইন্সপেক্টর তেনজিং লামা।
তবে দিনটি শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি। সমাজসেবামূলক উদ্যোগও নেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে। রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে এবং পুলিশ কমিশনার সি. সুধাকর ও ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং এর উপস্থিতিতে শিলিগুড়ির মাল্লাগুড়ি চেতনা কলোনি এলাকায় প্রায় ১০০ দুঃস্থ পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়।