শিলিগুড়ি ,২৯ ডিসেম্বর: শিলিগুড়িতে শহর পরিষ্কার রাখতে আরও একধাপ এগোল শিলিগুড়ি পুরনিগম। এবার পুরনিগম এলাকার প্রতিটি বাড়িতে লোকেশন-সহ কিউআর কোড বসানোর মাধ্যমে আবর্জনা সংগ্রহ ব্যবস্থায় আনা হচ্ছে আধুনিক নজরদারি ব্যবস্থা। এর ফলে প্রতিদিন বাড়ি বাড়ি নোংরা আবর্জনা ঠিকমতো সংগ্রহ হচ্ছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে শিলিগুড়ি পুরনিগম ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত সংস্থা সুডা।
শিলিগুড়ি পুরনিগমের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে বর্তমানে নির্মল বন্ধুদের পাশাপাশি নির্মল সাথী হিসেবে জঞ্জাল অপসারণের কাজে নিযুক্ত রয়েছেন মোট ১২৪ জন মহিলা। তাঁরা নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ করছেন। বিশেষ করে ড্রাই ওয়েস্ট ও ওয়েট ওয়েস্ট আলাদা করে রাখার বার্তা তুলে ধরছেন নির্মল সাথীরা। এর ফলে শহরের বহু এলাকায় ইতিমধ্যেই সচেতনতার উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
এবার এই পরিষেবাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে বাড়িতে বাড়িতে বসানো হবে কিউআর কোড। আবর্জনা সংগ্রহের সময় নির্মল সাথী বা নির্মল বন্ধুরা ওই কিউআর কোড স্ক্যান করলেই স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত হবে কোন বাড়ি থেকে কখন আবর্জনা সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে সরাসরি নজর রাখতে পারবে সুডা এবং শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বসিরহাটে প্রায় এক বছর আগে এই ব্যবস্থা চালু হয়েছে এবং সেখানে বাড়ি বাড়ি পরিষেবার সুফল মিলেছে। সেই অভিজ্ঞতা সরেজমিনে খতিয়ে দেখার পরই শিলিগুড়িতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। জঞ্জাল অপসারণ সংক্রান্ত এমএমআইসি সদস্য মানিক দে-র বিশেষ নজরেই এই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।
এই নতুন ব্যবস্থার প্রস্তুতি হিসেবে আজ শিলিগুড়ির একটি বহুতল ভবনে বিভিন্ন ওয়ার্ডের ১০৫ জন মহিলা নির্মল সাথীকে নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সুপারভাইজাররা ইতিমধ্যেই কলকাতা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন এবং বর্তমানে তাঁরা নির্মল সাথীদের প্রশিক্ষণ দিচ্ছেন।
প্রশিক্ষণ পর্ব শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই শহরজুড়ে বাড়ি বাড়ি কিউআর কোড বসানোর কাজ শুরু হবে, এমনটাই জানিয়েছে পুরনিগম সূত্র। এই উদ্যোগের মাধ্যমে শিলিগুড়ি শহরকে আরও পরিচ্ছন্ন ও আধুনিক পরিষেবা ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।