শিলিগুড়ি, ৯ এপ্রিল: শিলিগুড়িতে বেপরোয়া গাড়ি চালিয়ে এক যুবককে ধাক্কা ও প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। অভিযুক্ত হিসেবে নাম উঠেছে বিজেপি যুব মোর্চার এক নেতার বিরুদ্ধে। এই ঘটনায় দ্রুত গ্রেফতারের দাবিতে বুধবার দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখানো হয়।
অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার গভীর রাতে ঝংকার মোড় সংলগ্ন এলাকায় একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হন এক যুবক। অভিযোগ, গাড়িটি মদ্যপ অবস্থায় চালাচ্ছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি সৌরভ সরকার। দুর্ঘটনার পর আহত যুবককে সাহায্য না করে উল্টে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।
ঘটনার পর আহত যুবকের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযোগের পরও এখনও পর্যন্ত গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বাড়ে শাসকদলের ছাত্র সংগঠনের মধ্যে।
বুধবার দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে, না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।