শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বর: শিলিগুড়ি শহরের ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ে রবিবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল শহরবাসী। রাজবংশী সমাজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উন্মোচিত হলো বীর চিলা রায়ের মূর্তি।
দীর্ঘদিনের প্রচেষ্টা ও আকাঙ্ক্ষার ফলস্বরূপ স্থাপিত হলো রাজবংশী গৌরবের প্রতীক এই কিংবদন্তি সেনাপতির ভাস্কর্য। অনুষ্ঠান ঘিরে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। উপস্থিত ছিলেন রাজবংশী সমাজের বহু প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা।
প্রধান অতিথি পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় এই উপলক্ষে বলেন, “বীর চিলা রায়ের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বের স্মৃতি সংরক্ষণ কেবল রাজবংশী সমাজের নয়, সমগ্র উত্তরবঙ্গেরই গর্বের বিষয়।”
এই মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে রাজবংশী সমাজে নতুন করে জেগে উঠেছে গৌরব ও আত্মমর্যাদার আবেগ।