শিলিগুড়ি,১ ফেব্রুয়ারী : শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ে রাজবংশী সমাজের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো রাজবংশী সমাজের গৌরব, বিশ্ব মহাবীর চিলা রায়ের ৫১৬তম জন্মজয়ন্তী। এদিন সকাল থেকেই অনুষ্ঠানস্থলে ছিল উৎসবের আমেজ ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জেপি কানডিয়া, গরিবের ডাক্তার নামে পরিচিত ক্ষেত্র ডাক্তার স্বপন রায়, আশিঘর সাব-ট্রাফিক গার্ডের ওসি তনয় সরকার-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ মানুষ এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।
এদিন সকালে বিশ্ব মহাবীর চিলা রায়ের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়, যা উপস্থিত সকলের মন জয় করে নেয়। অনুষ্ঠানের পর্বে অতিথিদের রাজবংশী সমাজের ঐতিহ্যবাহী হলুদ গামছা পরিয়ে বিশেষ সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বিশ্ব মহাবীর চিলা রায়ের বীরত্ব, শাসন দক্ষতা ও রাজবংশী সমাজের ইতিহাসে তাঁর অবদান সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়। বক্তারা জানান, চিলা রায় শুধু রাজবংশী সমাজের নন, সমগ্র উত্তরবঙ্গের গর্ব।
সন্ধ্যায় সকলের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়। উদ্যোক্তারা জানান, আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় এবছর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর খুব শীঘ্রই বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করা হবে।
সমগ্র অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।