শিলিগুড়ি, ৬ মার্চ: শিলিগুড়ির মাদানী বাজার এলাকায় একটি হার্ডওয়্যার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা দোকানে ঢুকে বেশ কিছু দামি সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ দোকান মালিকের।
জানা গিয়েছে, শুক্রবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক প্রথমে সিলিং ভাঙা অবস্থায় দেখতে পান। পরে দোকানের ভেতরে ঢুকে তিনি দেখেন উপরের অংশ কেটে ভিতরে ঢোকার চিহ্ন রয়েছে এবং দোকানের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। তখনই তার সন্দেহ হয় যে দোকানে চুরি হয়েছে।
ঘটনার পরই বিষয়টি জানানো হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ পুরো ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।