শিলিগুড়ি,১৫ মার্চ : নেপালি ভাষা ও সংস্কৃতির অন্যতম পথপ্রদর্শক কবি ভানুভক্ত আচার্য-এর স্মৃতিকে সম্মান জানিয়ে শিলিগুড়ির সালুগড়ায় উন্মোচন করা হলো তাঁর মূর্তি। সালুগড়া নেপালি সাংস্কৃতিক সমিতির উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী জেপি কানোদিয়া-র সহযোগিতায় শালুগাড়া বিএসএফ মোড়ে রবিবার এই মূর্তি উন্মোচন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, মেয়র পরিষদ সোবা সুব্বা,সমাজসেবী জেপি কানোদিয়া, বিষ্ণু প্রসাদ শর্মা সহ নেপালি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে কবি ভানুভক্ত আচার্যের অবদানকে স্মরণ করা হয় এবং তাঁর সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই সালুগড়া এলাকায় ভানুভক্ত আচার্যের একটি মূর্তি স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন নেপালি সম্প্রদায়ের মানুষ। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয়দের মতে, নেপালি ভাষা ও সাহিত্যের বিকাশে ভানুভক্ত আচার্যের অবদান অনস্বীকার্য। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে সেই ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূর্তি স্থাপনের ফলে এলাকার নেপালি সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশেষ আনন্দের আবহ দেখা যায়।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী জানান, এটি শুধু একটি মূর্তি উন্মোচন নয়, বরং নেপালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।