শিলিগুড়ি আশিঘর সাব ট্রাফিক পুলিশের অভিনব সচেতনতা অভিযান, হেলমেটবিহীন চালকদের হাতে কেক তুলে দিলেন ‘সান্তা ক্লোজ’
শিলিগুড়ি, ২২ ডিসেম্বর: বড়দিনের আগে পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি আশিঘর সাব ট্রাফিক গার্ড। সোমবার ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ে হেলমেটবিহীন গাড়ি চালকদের গাড়ি থামিয়ে জরিমানা না কেটে তাঁদের হাতে কেক তুলে দিলেন সান্তা ক্লোজ। উদ্দেশ্য একটাই—ভয় দেখিয়ে নয়, বরং বন্ধুত্বপূর্ণ বার্তার মাধ্যমে চালকদের সচেতন করা।
এদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের কিছুক্ষণ দাঁড় করিয়ে হেলমেটের গুরুত্ব বোঝানো হয় এবং ভবিষ্যতে নিয়ম মেনে চলার জন্য আবেদন জানানো হয়। এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক এসিপি এ. চক্রবর্তী সহ আশিঘর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক ও কর্মীরা।
উল্লেখ্য, কয়েক মাস আগে ইস্টার্ন বাইপাস এলাকায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এলাকায় লাগাতার সচেতনতা অভিযান চালানো হচ্ছে। কখনও মাইকিং, কখনও লিফলেট বিতরণ, আবার কখনও বিশেষ নজরদারি—তবুও হেলমেট ছাড়া বাইক চালানোর প্রবণতা কমেনি বলে অভিযোগ।
বিশেষ করে দেখা যাচ্ছে, স্কুলে শিশুদের নিয়ে যাওয়া ও আনার সময় বহু অভিভাবক হেলমেট না পরেই বাইক চালাচ্ছেন, যা অত্যন্ত বিপজ্জনক। এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যে দায়িত্ববোধ বাড়াতেই আশিঘর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, পথ দুর্ঘটনা রোধে শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সচেতনতা সবচেয়ে বড় অস্ত্র। আগামী দিনেও এ ধরনের ব্যতিক্রমী সচেতনতা অভিযান লাগাতার চলবে বলে আশ্বাস দিয়েছেন আধিকারিকরা।