শিলিগুড়ি,২৭ ডিসেম্বর: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় একের পর এক পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা রুখতে এবার সক্রিয় হলো ট্রাফিক পুলিশ। শনিবার ইস্টার্ন বাইপাস পরিদর্শনে যান ট্রাফিক এসিপি অনির্বাণ মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন পিডব্লিউডি-র আধিকারিক এবং আশিঘর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।
পরিদর্শনের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় ও বানেশ্বর মোড়—এই দুই গুরুত্বপূর্ণ এলাকায় শীঘ্রই স্পিড ব্রেকার বসানো হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত গতি ও বেপরোয়া যান চলাচলই দুর্ঘটনার প্রধান কারণ, আর সেই কারণেই এই পদক্ষেপ।
পুলিশ আধিকারিকরা জানান, সাধারণ মানুষের নিরাপত্তাই তাঁদের মূল লক্ষ্য। আগামী দিনে যাতে আর কোনো মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে, সে জন্য আরও একাধিক বিশেষ উদ্যোগ নেওয়া হবে।