শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারী: গরিব দিনমজুর ও কর্মজীবী সাধারণ মানুষের কথা মাথায় রেখে শিলিগুড়ি জেলা হাসপাতালে আউটডোর পরিষেবার সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবার চারটে থেকে ডাক্তার দেখানোর ব্যবস্থা চালু করা হয়েছে।
শিলিগুড়ি জেলা হাসপাতালে সোমবার
আউটডোর পরিষেবা বর্তমানে এই সময় নির্ধারিত করা হয়েছে। সাধারণ মানুষের চাহিদা থাকলে আরো সময় সীমা বাড়ানো হবে। আপাতত তিনটি বিভাগের বিশিষ্ট চিকিৎসকের মাধ্যমে এই পরিষেবা চালু করা হয়েছে। পরিস্থিতি ও রোগীর চাহিদা অনুযায়ী ভবিষ্যতে বিভাগ ও সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এই নতুন ব্যবস্থার সূচনা উপলক্ষে জেলা হাসপাতালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামানিক, হাসপাতাল সুপার ডাঃ চন্দন ঘোষ সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানে মেয়র গৌতম দেব জানান, সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে এবং হাসপাতালের গুরুত্ব বুঝে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত তিনটি ইউনিট দিয়ে পরিষেবা শুরু হয়েছে এবং চাহিদা বাড়লে ভবিষ্যতে আরও ইউনিট ও সময়সীমা বাড়ানো হবে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামানিক জানান, প্রাথমিকভাবে শিশু ও মা বিভাগ, মেডিসিন এবং সার্জারি বিভাগের চিকিৎসা পরিষেবা দিয়ে এই দুপুরের আউটডোর পরিষেবা চালু করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে অন্যান্য বিভাগও অন্তর্ভুক্ত করা হবে।
এখন থেকে রোগীরা দুপুর ২টা থেকে ৪টার মধ্যে হাসপাতালে এসে টিকিট কেটে ডাক্তার দেখাতে পারবেন, যা কর্মব্যস্ত ও দিনমজুর মানুষের জন্য বড় সুবিধা বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।