শিলিগুড়ি,১৫ ডিসেম্বর: শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে সমতলের গাড়ি চালকদের হেনস্থার অভিযোগে সরব হলেন বিভিন্ন চালক সংগঠনের প্রতিনিধিরা। এই সমস্যার সমাধান চেয়ে শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠক করেন তারা। সোমবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চালক সংগঠনগুলির পক্ষ থেকে দার্জিলিং যাতায়াতের সময় নানা ধরনের হয়রানির বিষয়টি তুলে ধরা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, চালক সংগঠনগুলি আগেই লিখিতভাবে বিষয়টি জানিয়েছিল। তবে তিনি শহরের বাইরে থাকায় বিষয়টি তখন জানা সম্ভব হয়নি। শহরে ফিরে এসে তিনি আজ এই বৈঠকের আয়োজন করেন এবং সমস্ত সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
মেয়র বলেন, “এই ধরনের ঘটনা কখনই কাম্য নয়। আমি ইতিমধ্যেই জিটিএ-র আধিকারিকদের সঙ্গে কথা বলছি, যাতে বিষয়টি আলোচনার মাধ্যমে দ্রুত মিটিয়ে নেওয়া যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।”
তিনি আরও জানান, এই সমস্যা দীর্ঘস্থায়ী হলে শুধুমাত্র চালকরাই নয়, পর্যটকরাও চরম অসুবিধার মুখে পড়বেন। তাই দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।