শিলিগুড়ি, ৩ সেপ্টেম্বর: চুরি যাওয়া টোটোসহ দুই যুবককে গ্রেফতার করল আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম আশু দত্ত ও ইন্দ্র দাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ আগস্ট নরেশ মোড় এলাকা থেকে একটি টোটো চুরি হয়। এরপর ২৬ আগস্ট টোটো মালিক আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গত ৩১ আগস্ট ঘোঘোমালি বাজার সংলগ্ন এলাকা থেকে ইন্দ্র দাসকে গ্রেফতার করে পুলিশ।
রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার দেখানো পথে কানকাটা মোড় সংলগ্ন এক আত্মীয়ের বাড়ি থেকে আশু দত্তকে গ্রেফতার করা হয়। পরে দু’জনকে জেরা করে পুলিশ জানতে পারে, ইস্টার্ন বাইপাস লাগোয়া কানকাটা মোড়ের একটি পরিত্যক্ত জায়গায় টোটোটি লুকিয়ে রাখা হয়েছে। সেখান থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া টোটোটি।
পুলিশ জানিয়েছে, টোটোটি টুকরো টুকরো করে বিক্রি করার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। এই চক্রের মূল পান্ডা জগন্নাথ এখনও পলাতক। তার ব্যবহার করা টোটোটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।