শিলিগুড়ি, ৩০ ডিসেম্বর: শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক পরিকাঠামোকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো নবনির্মিত প্ল্যাটিনাম জুবিলী ভবন এবং অত্যাধুনিক অধিবেশন কক্ষ। এদিন এই নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারপার্সন প্রতুল চক্রবর্তী, পুরনিগমের কমিশনার, মেয়র পরিষদের সদস্যরা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরনিগমের আধিকারিকরা। অনুষ্ঠানে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভবন ও অধিবেশন কক্ষের শুভ সূচনা করা হয়।
উল্লেখ্য, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই অধিবেশন কক্ষে পুরনিগমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, বোর্ড মিটিং এবং নীতিনির্ধারণমূলক আলোচনা করা হবে। উদ্বোধনের পরপরই নতুন অধিবেশন কক্ষে প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়, যা এই ভবনের কার্যকারিতা ও গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে।
মেয়র গৌতম দেব জানান, এই নতুন ভবন ও অধিবেশন কক্ষ শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক কাজকর্মকে আরও স্বচ্ছ, দ্রুত ও জনমুখী করে তুলবে। পাশাপাশি নাগরিক পরিষেবা উন্নত করার ক্ষেত্রেও এই পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।