শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারি: শিলিগুড়িতে রাজ্যের তৃতীয় বৃহত্তম পুরসভার বাজেট ঘোষণা করা হলো শুক্রবার। চলতি অর্থবর্ষে মোট ৬৩৮ কোটি ৪২ লক্ষ টাকার বাজেট পেশ করা হয়েছে, যা গত বছরের ৬২৩ কোটি ৪২ লক্ষ টাকার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন পুরসভার মেয়র, চেয়ারপার্সন, শাসক দলের কাউন্সিলরদের পাশাপাশি বিরোধী দলের প্রতিনিধিরাও।
এবারের বাজেটে শহরের সার্বিক উন্নয়ন ও পর্যটন বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটিগাড়ায় দেশের বৃহত্তম মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই মন্দির নির্মাণের ফলে ভবিষ্যতে শিলিগুড়ি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এছাড়াও, মাটিগাড়ায় “প্রাইড অফ নেশন, প্রাইড অফ স্টেট” উদ্যোগে আন্তর্জাতিক মানের ক্রিকেটার রিচা ঘোষ-এর নামে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানানো হয়। পাশাপাশি কাওয়াখালিতে একটি আধুনিক শিল্প ও সাংস্কৃতিক কনভেনশন সেন্টারের নির্মাণকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানানো হয়েছে বাজেট অধিবেশনে।
ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বের দিক থেকেও শিলিগুড়ির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই শহর দেশের বাণিজ্য, যোগাযোগ এবং প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই প্রেক্ষিতে বাজেট অধিবেশন থেকে কেন্দ্র সরকারের কাছে শিলিগুড়িকে ‘জাতীয় গুরুত্বপূর্ণ শহর’ হিসেবে ঘোষণা করার দাবি তোলা হয়। পাশাপাশি বহু ভাষাভাষী মানুষের সহাবস্থানের কারণে শহরটিকে “সিটি অফ ডাইভার্সিটি” ঘোষণা করার আবেদনও জানানো হয়েছে।
অন্যদিকে, রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মহিলাদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করেছেন। একই সঙ্গে প্রথমবারের মতো পুরুষদের কর্মসংস্থানের ক্ষেত্রে ১৫০০ টাকা ভাতার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতায় ১০০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সব মিলিয়ে, শিলিগুড়ির উন্নয়ন, পর্যটন সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে প্রশাসনিক মহলের মত।