শিলিগুড়ি,২৮ ফেব্রুয়ারী : ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়-এর হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংবাদিক বৈঠক করল স্কুল কর্তৃপক্ষ। প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে এই বিশেষ বার্তা পৌঁছে দিতেই এদিনের বৈঠকের আয়োজন করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছেন, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় মূল হীরক জয়ন্তী অনুষ্ঠান আগামী বছরে আয়োজন করা হবে। তবে উদযাপনের সূচনা হতে চলেছে আগামী ১১ মার্চ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। সকাল ৯টায় শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের মূল রাস্তা পরিক্রমা করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় নারীদের বিভিন্ন বিষয়ভিত্তিক ট্যাবলো উপস্থাপন করা হবে। পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, হীরক জয়ন্তী উপলক্ষে সারা বছর ধরে একাধিক কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতি মাসে সামাজিক কর্মসূচি, খেলাধুলা, বৃক্ষরোপণ, রক্তদান শিবিরসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। এই বর্ষব্যাপী উদযাপন পর্বের সমাপ্তি ঘটবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে। সমাপনী অনুষ্ঠানে দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিশ্বজিৎ রায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহিতোষ দাস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা জানান, আগামী ৭ মার্চ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে এবং সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের সেখানে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।