শিলিগুড়ি,৩১ ডিসেম্বর: শিলিগুড়ি শহরের কোলাহল থেকে একটু আলাদা এক টুকরো রঙিন স্বপ্ন গড়ে তুলেছেন আশ্রমপাড়া এলাকার বাসিন্দা অশোক সরকার। নিজের বাড়ির ছাদেই তৈরি করেছেন চোখধাঁধানো গোলাপের বাগান। দেশি ও বিদেশি নানা প্রজাতির গোলাপ ফুলের গাছে সাজানো এই ছাদ এখন যেন এক অনন্য সবুজ-রঙিন উদ্যানে পরিণত হয়েছে।
সারি সারি টবে রোপণ করা বিভিন্ন প্রজাতির গোলাপ গাছে ফুটে উঠেছে লাল, হলুদ, গোলাপি সহ নানান রঙের ফুল। নতুন বছরের আগেই ফুলে ভরে উঠেছে পুরো ছাদ, যা দেখলে মুগ্ধ না হয়ে উপায় নেই। অশোক বাবুর কথায়, একটি একটি গাছে একসঙ্গে প্রায় ১০০ থেকে ২০০টি পর্যন্ত গোলাপ ফুটেছে, যা তাঁর দীর্ঘদিনের যত্ন ও ভালোবাসারই ফল।
বহু বছর ধরেই ছাদবাগান তাঁর নেশা হলেও, গত কয়েক বছরে অন্য সব গাছ সরিয়ে শুধুমাত্র নিজের সবচেয়ে প্রিয় ফুল—গোলাপকেই বেছে নিয়েছেন তিনি। নিয়মিত জল দেওয়া, সার প্রয়োগ, ছাঁটাই এবং রোগপোকার হাত থেকে গাছ বাঁচাতে বিশেষ যত্ন নেন অশোক বাবু। ভোরের আলো থেকে শুরু করে বিকেলের নরম রোদ—সবটাই কাজে লাগান গাছের সুস্থ বৃদ্ধির জন্য।
এই ছাদবাগান শুধু সৌন্দর্যই বাড়ায়নি, বরং আশপাশের পরিবেশও করে তুলেছে আরও নির্মল ও মনোরম। প্রতিবেশী ও পরিচিতজনেরা প্রায়ই এই গোলাপ বাগান দেখতে আসেন, অনেকেই ছাদে বাগান করার অনুপ্রেরণা পাচ্ছেন অশোক বাবুর কাছ থেকে। শহরের বুকে প্রকৃতির সঙ্গে এমন নিবিড় বন্ধন যে তৈরি করা যায়, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে আশ্রমপাড়ার এই গোলাপের ছাদবাগান।