শিলিগুড়ি:- শিলিগুড়ির সেবক রোডে বুধবার গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের,গুরুতর জখম হলেন এক তরুণী।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ভক্তিনগর দিক থেকে পানিটাংকির উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়ার সময় আচমকা একটি সাদা রঙের দ্রুতগতির গাড়ি দুই পথচারীকে ধাক্কা মারে।ধাক্কার জেরে তারা প্রায় ২০থেকে ৩০ফুট দূরে ছিটকে পড়ে।প্রত্যক্ষদর্শীদের দাবি,গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন।মৃতের নাম শংকর ছেত্রী,বাড়ি ভারত-নেপাল সীমান্তবর্তী খড়িবাড়ি এলাকায় বাসিন্দা।আহত তরুণীর বাড়ি পাহাড়ের বলে জানা গিয়েছে।তাঁর চিকিৎসা চলছে।এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ,এডিসিপি অভিষেক মজুমদার সহ ট্রাফিক আধিকারিকেরা।জানা গেছে,গাড়িটি দু’জনকে ধাক্কা মারার পর পাশের একটি টোটো গাড়িতে সজোরে ধাক্কা মেরে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।ঘাতক গাড়ির খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ও সাদা রঙের সন্দেহভাজন গাড়িটির সন্ধানে বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে।