২৪ বছর পর ফের শিলিগুড়ি উওর একটিয়াশাল শান্তি কলোনী এলাকায় বিনামূল্যে চিকিৎসা শিবির, উদ্যোগে ‘গরীবের ডাক্তার’ স্বপন রায়
শিলিগুড়ি,১৬ ডিসেম্বর: দীর্ঘ প্রায় ২৪ বছর পর ফের শিলিগুড়ির উত্তর একটিয়াশাল শান্তি কলোনী এলাকায় গৌরীয় সেবাশ্রম গোশালায় শুরু হতে চলেছে বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা শিবির। এই মানবিক উদ্যোগে চিকিৎসা পরিষেবা দেবেন হোমিওপ্যাথির ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত স্বপন রায়।
জানা গিয়েছে, প্রায় ২৪ বছর আগে আশ্রমের তৎকালীন মহারাজের সময় নিয়মিত এই বিনামূল্যে চিকিৎসা শিবির চলত। তবে মহারাজের চলে যাওয়ায় পর সেই শিবির বন্ধ হয়ে যায়। বর্তমানে নতুন মহারাজের আগমনে ফের এই সেবামূলক কার্যক্রম শুরু হলো।
আশ্রম সূত্রে খবর, প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার সারা দিনব্যাপী এই বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। যেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাবেন।
উল্লেখ্য, শ্রী শ্রীলশুরু মহারাজের ১০৪তম ব্যাস পূজা উপলক্ষে এই শিবিরের শুভ সূচনা করা হয়েছে। পাশাপাশি, ১৩ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী ভাগবত পাঠ ও মহাসেবার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বৃন্দাবন থেকে আগত মহারাজ অংশগ্রহণ করছেন। প্রতিদিন ভাগবত পাঠের পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও করা হচ্ছে।
এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, দীর্ঘদিন পর ফের এই ধরনের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু হওয়ায় এলাকার সাধারণ ও গরীব মানুষের যথেষ্ট উপকার হবে।