নির্বাচনের আগে শিলিগুড়িতে কড়া নিরাপত্তা, বাড়ছে কেন্দ্রীয় বাহিনী ও নাকা চেকিং
শিলিগুড়ি,২৩ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর প্রশাসন। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিও বাড়ানো হচ্ছে ধাপে ধাপে।
এই প্রেক্ষিতে সোমবার জেলাশাসক হরিশঙ্কর পানিক্কর, শিলিগুড়ি পুলিশ কমিশনার Syed Waquar Raza এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শহরের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে পরিদর্শন করেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও শোনেন প্রশাসনের কর্তারা।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল এলাকাগুলির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা এবং নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যালোচনা করা।
পুলিশ কমিশনার জানান, বর্তমানে শহরে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তবে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নিরাপত্তা আরও জোরদার করতে আগামী সপ্তাহে অতিরিক্ত ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে আরও বাহিনী মোতায়েন করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
অন্যদিকে, শহরের বিভিন্ন প্রবেশ পথ ও গুরুত্বপূর্ণ এলাকায় মোট ৮টি নাকা চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছে। এই পয়েন্টগুলিতে কড়া তল্লাশি চালানো হচ্ছে যাতে কোনও অবৈধ কার্যকলাপ রোখা যায়।
সবমিলিয়ে, নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটসাঁট করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।