৮ অক্টোবর, শিলিগুড়ি: ডুয়ার্সের নাগরাকাটায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। আজ সকালে শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি থাকা দুজন নেতাকে দেখতে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
চিকিৎসকদের কাছ থেকে খোঁজখবর নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে আইনের শাসন নেই, মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
বিজেপি কর্মীদের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার বলেন, অভিযুক্তদের ছবি-পোস্টার তৈরি করে দার্জিলিং ও জলপাইগুড়িতে লাগাতে হবে। জনতা খবর দিলে বিজেপি নিজের মতো ব্যবস্থা নেবে—এই বার্তাও দেন তিনি।
এরপর জলপাইগুড়ির বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে ত্রাণ বিতরণ করেন তিনি এবং বিকেলে জলপাইগুড়ি বিজেপি কার্যালয়ে বৈঠকে অংশ নেন। আজ রাতেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।