শিলিগুড়ি, ৮ অক্টোবর: শিলিগুড়ি পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় দিনের বেলায় ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। চোরের দল বাড়ি ফাঁকা পেয়ে লক্ষাধিক টাকার সোনার অলংকার এবং প্রায় ৫০ হাজার টাকা নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে পরিবারের সদস্যরা বাজার করতে বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে দেখেন প্রধান দরজার তালা ভাঙা এবং ঘরের আলমারি তছনছ অবস্থায়। সেখান থেকে উধাও হয়ে গেছে সোনা ও রূপার অলংকারসহ নগদ অর্থ।
ঘটনার খবর পাওয়া মাত্রই শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ ইতিমধ্যেই আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।