শিলিগুড়ি,২৪ নভেম্বর : ঠাকুরনগ রেলগেট থেকে জাবরা ভিটা হনুমান মন্দির পর্যন্ত বিস্তীর্ণ রামনগর মজদুর কলোনি এলাকায় রেলের তরফে দেওয়া উচ্ছেদ নোটিশের প্রতিবাদে সোমবার নিউ জলপাইগুড়ি এডিআরএম কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল নমঃশূদ্র উদ্বাস্তু সেল। সকাল থেকেই রামনগর কলোনি এলাকা উত্তাল হয়ে ওঠে প্রতিবাদী জনসমুদ্রে।
রামনগর কলনি থেকে শুরু হওয়া এই বিরাট প্রতিবাদ মিছিলটি NJP থানার সামনে দিয়ে এডিআরএম অফিসের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল নমঃশূদ্র উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জলপাইগুড়ি জেলা পরিষদ সদস্য মনীষা রায় এবং ডাবগ্রাম–ফুলবাড়ী ব্লক সভাপতি দিলীপ রায়। উপস্থিত ছিলেন উদ্বাস্তু এলাকাগুলির অসংখ্য বাসিন্দা।
সম্প্রতি রেলের পক্ষ থেকে এলাকাবাসীর হাতে উচ্ছেদ নোটিশ পৌঁছনোর পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন মানুষ। সেই ক্ষোভই সোমবার রাস্তায় নামে প্রতিবাদ মিছিলে।
পরে উদ্বাস্তু সেলের প্রতিনিধিদল এডিআরএম কার্যালয়ে রেল কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপি জমা দেন।
এ বিষয়ে রঞ্জিত সরকার জানান, “রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে, তবে উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত না থাকায় পূর্ণাঙ্গ আলোচনা করা যায়নি।
আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি—এলাকার গরিব মানুষের উপরে নতুন করে উচ্ছেদের নোটিশ চাপিয়ে দেওয়া চলবে না।“
তিনি আরও হুশিয়ারি দেন, “রেলের পক্ষ থেকে আবারও যদি উচ্ছেদ নোটিশ পাঠানো হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
কোনভাবেই সাধারণ মানুষকে উচ্ছেদ হতে দেব না।” উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে এলাকায় তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এখন রেল কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রামনগর–জাবরা ভিটা এলাকার বাসিন্দারা।