শিলিগুড়ি, ১৫ ডিসেম্বর: দুর্ঘটনা রোধ ও পথচালকদের মধ্যে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের আশিঘর সাব ট্রাফিক গার্ড। সোমবার শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন লোকনাথ বাজার এলাকায় হেলমেট বিহীন দুই চাকার গাড়ি চালকদের হাতে গোলাপ ফুল ও মিষ্টি তুলে দিয়ে সচেতনতার বার্তা দিল ট্রাফিক পুলিশ।
প্রতিদিনই ইস্টার্ন বাইপাস এলাকায় একের পর এক দুর্ঘটনার খবর সামনে আসছে। বারবার সচেতন করা ও জরিমানার পরও অনেক চালকই হেলমেট না পরে কিংবা চার চাকার গাড়িতে সিটবেল্ট ছাড়াই চলাচল করছেন। সেই কারণেই এদিন কঠোরতার বদলে মানবিক ও ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে আশিঘর সাব ট্রাফিক গার্ড।
এদিন হেলমেট ছাড়া বাইক চালকদের পাশাপাশি চার চাকার গাড়িতে সিটবেল্ট না লাগিয়ে বসা যাত্রীদেরও গোলাপ ফুল ও মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি শিশুদের হাতে তুলে দেওয়া হয় চকলেট। এর মাধ্যমে ট্রাফিক আইন মানার গুরুত্ব সম্পর্কে চালক ও যাত্রীদের সচেতন করার চেষ্টা করা হয়।
ট্রাফিক পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। কর্তব্যের পাশাপাশি মানবিকতার মেলবন্ধনে এই সচেতনতা কর্মসূচি দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে পুলিশ প্রশাসন।